দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কুমিল্লার ময়নামতিতে অবস্থিত কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে গতকাল শুক্রবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ১০ দেশের প্রতিনিধিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সাত শতাধিক সৈনিককে এখানে সারিবদ্ধভাবে সমাহিত করা হয়।
সকাল ১০টায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসের নেতৃত্বে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ১০টি দেশের হাইকমিশনার ও ওই সব দেশের প্রতিনিধিরা এ স্মরণ অনুষ্ঠানে অংশ নেন। দেশগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ভারত, নরওয়ে, ফ্রান্স ও নেদারল্যান্ডস।
হাইকমিশনার ও প্রতিনিধিরা ময়নামতির ওয়ার সিমেট্রির পশ্চিম পাশে অবস্থিত হলিক্রস পাদদেশে নিহত সৈনিকদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল এনায়েত উল্লাহ। স্মরণ অনুষ্ঠান শেষে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিরা সমাধিস্থল পরিদর্শন করেন এবং দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সৈনিককে ময়নামতির ওয়ার সিমেট্রিতে সমাহিত করা হয়। ১৯৬২ সালে একজনের দেহাবশেষসহ সমাধির মাটি তাঁর স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান। এতে সমাধির সংখ্যা দাঁড়ায় ৭৩৭-এ।