কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আজ রোববার মামলার তদন্ত কর্মকর্তাকে দেওয়া হবে।
দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তার কাছে রোববার সকালের মধ্যে প্রতিবেদন পাঠানো হবে। প্রতিবেদনে কী আছে, তা বলব না। সাংবাদিকদের যা জানার দরকার, মামলার তদন্ত কর্মকর্তার কাছ থেকে জেনে নেবেন।’
প্রায় আড়াই মাস আগে গত ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়। আদালতের নির্দেশে গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ড ময়নাতদন্ত করে। এ সময় তনুর শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করায় সিআইডি। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। এই ডিএনএ প্রতিবেদন দেওয়া হচ্ছে না, এই অজুহাতে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দিতে এত দিন কালক্ষেপণ করে মেডিকেল বোর্ড। পরে আদালতের নির্দেশে গত মঙ্গলবার মেডিকেল বোর্ডকে ডিএনএ প্রতিবেদন দেয় সিআইডি।
তনু খুন হন গত ২০ মার্চ। ওই রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরদিন লাশের প্রথম ময়নাতদন্ত হয়। তাতে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে তথ্য গোপন করার অভিযোগ ওঠে। তনুর মা-বাবাও ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন।