দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে অনশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে অনশন শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা পৌনে দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে প্রায় দেড় শতাধিক আন্দোলনকারী জাতীয় সংগীত গেয়ে এ কর্মসূচি শুরু করেন।
কর্মসূচি শুরুর পর আন্দোলনরত এক শিক্ষার্থী ঘোষণা দেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।
এর আগে আজ সকাল ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। সেখানে তাঁরা দুই ঘণ্টার মতো অবস্থান করেন। দুপুর ১২টার দিকে তাঁরা মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে অগ্রসর হন। মিছিলটি কার্জন হলের সামনে দোয়েল চত্বর পর্যন্ত গেলে পুলিশ বাধা দেয়। প্রতিবন্ধকতা দিয়ে সড়ক বন্ধ করে দেয় পুলিশ। সেখানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
পরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে স্মারকলিপি জমা দিতে যান। বেলা পৌনে একটার দিকে শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন বঙ্গভবনে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা মো. সেন্টু রহমান।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা তাঁদের সাতটি সমস্যার কথা বলেছেন। এতে বলা হয়, কোনো পূর্বঘোষণা ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া ওই সিদ্ধান্তে দেশের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এই সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক-ব্যবস্থার কবলে পড়তে বাধ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আচার্যকে এই সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, শিক্ষার্থীরা শুধু এইচএসসি পাসের বছরই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।