দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে অনশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে অনশন শুরু করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা পৌনে দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে দেড় শতাধিক আন্দোলনকারী জাতীয় সংগীত গেয়ে এ কর্মসূচি শুরু করেন।
কর্মসূচি শুরুর পর এক শিক্ষার্থী ঘোষণা দেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।
এর আগে গতকাল সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। সেখানে তাঁরা দুই ঘণ্টার মতো অবস্থান করেন। দুপুর ১২টার দিকে তাঁরা মিছিল করে ক্যাম্পাসের ভেতর দিয়ে বঙ্গভবনের দিকে অগ্রসর হন। মিছিলটি কার্জন হলের সামনে দোয়েল চত্বর পর্যন্ত গেলে পুলিশ প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তা বন্ধ করে দেয়।
সেখান থেকেই পাঁচজনের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে স্মারকলিপি জমা দিতে যায়। বেলা পৌনে একটার দিকে বঙ্গভবনে দায়িত্বরত এক কর্মকর্তা শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঘোষণা ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিল করায় উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। শিক্ষার্থীরা তাঁদের সাতটি সমস্যার কথা উল্লেখ করে আচার্যকে এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
প্রতিনিধিদল দোয়েল চত্বরে ফিরে এলে তাঁরা দেড়টার দিকে মিছিল করে শহীদ মিনারে যান এবং অনশন শুরু করেন। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত রাত নয়টায়ও অনশন চলছিল।