রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আর থাকছে না। গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চৌধুরী সারওয়ার জাহান জানান, আগামী ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। সিদ্ধান্ত অনুযায়ী, ওই শিক্ষাবর্ষে ২০১৬ সালে এইচএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরাই শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। চলতি ২০১৫-১৬ শিক্ষাবর্ষে যাঁরা ভর্তি পরীক্ষা অংশ নিয়েছেন, তাঁদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বাতিলের পক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান জানিয়েছেন, এর আগে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি ও ভর্তি পরীক্ষা কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সর্বশেষ গতকালের একাডেমিক কমিটিতে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বাতিল করা হলো। এই সুযোগ অব্যাহত থাকলে যাঁরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেন, তাঁরা পরীক্ষার প্রস্তুতির জন্য বেশি সময় পান। অথচ যাঁরা প্রথমবার পরীক্ষা দেন, তাঁরা প্রস্তুতির কম সুযোগ পান। ফলে ভর্তির ক্ষেত্রে এক অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। এ ছাড়া আরও কিছু কারণ বিবেচনায় নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য, সেসব কারণ কী, তা পরিষ্কার করে বলেননি তিনি।
তবে একাডেমিক কাউন্সিলের একটি সূত্র জানায়, অনেকে দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিয়ে অন্যের হয়ে পরীক্ষা দেন। তা ছাড়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বাতিল করে দিয়েছে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলেও তা খারিজ হয়ে যায়। সে বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।