ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আমরণ অনশন’ চালিয়ে যাচ্ছেন। গতকাল শুক্রবার অনশনের তৃতীয় দিনে ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ না দেওয়ার সিদ্ধান্তে এখনো অটল রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অনশনের তৃতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নমনীয় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত বুধবার বেলা পৌনে দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে দেড় শতাধিক শিক্ষার্থী অনশন কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার অর্ধশত শিক্ষার্থী অনশন করেন। গতকাল আরও ২০-২৫ জন শিক্ষার্থী নতুন করে অনশন শুরু করেন। রাত নয়টা পর্যন্ত ৫৫ ঘণ্টায় অনশনরত শিক্ষার্থীদের অন্তত ২১ জন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ১২ জন শহীদ মিনারেই রয়েছেন। তাঁদের স্যালাইন দিয়ে শুইয়ে রাখা হয়েছে। বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শিক্ষার্থীরা শহীদ মিনারে নিজেরা গান লিখে, গান গেয়ে, কবিতা আবৃত্তি করে, নিজেদের দাবির পক্ষে স্লোগান দিয়ে সময় কাটাচ্ছেন। তাঁরা শহীদ মিনারে একটি সহায়তা কেন্দ্র খুলেছেন। সেখানে বসে থাকা আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, তাঁদের অর্থ ও ওষুধ দিয়ে সহযোগিতা করা যাবে।
বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশ করে নাগরিক ঐক্য। সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এই সরকার ক্ষমতায় এসেছে ভেজাল করে। তাই সরকারের সব কর্মকাণ্ডেই ভেজাল। এই ভেজাল সরকারের কারণে শিক্ষার্থীদের বিপাকে পড়তে হয়েছে। অনশন করতে হচ্ছে নিজেদের শিক্ষার অধিকার আদায়ের জন্য।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ছাত্রলীগের ‘পান্ডাদের’ চাকরির আশ্বাস দিয়েছেন বলে উল্লেখ করে মান্না বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের কথা ভাবুন। আর এই অনশনরত শিক্ষার্থীদের একটু দেখতে আসবেন, শুধু ছাত্রলীগ কেন?’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এই শিক্ষার্থীদের অভিভাবক আপনি, তারা যে দাবিতে অনশন করছে, তা অন্যায্য নয়, এদের এসে দেখে যান।’