দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অর্ধেক পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্ধশতাব্দীর পুরোনো কুমিল্লা শিক্ষা বোর্ডে বর্তমানে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অর্ধেক পদই শূন্য। এ অবস্থায় কাজ চালাতে বোর্ডকে হিমশিম খেতে হচ্ছে। এর ওপর বেড়েছে কাজের পরিধিও। বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি জানিয়েছেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব মো. অলিউর রহমান প্রথম আলোকে জানান, বোর্ডের প্রথম শ্রেণীর ২৪টি পদের মধ্যে ছয়টি শূন্য। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৮৬টি পদের মধ্যে ৯৩টিই খালি। দ্বিতীয় শ্রেণীর দুটি পদ ছাড়া সব কটিই শূন্য। এসব পদের বেশির ভাগই দীর্ঘদিন যাবৎ পূরণ করা হচ্ছে না।জানা যায়, প্রথম শ্রেণীর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, উপসচিব, নিরীক্ষা কর্মকর্তা ও প্রোগ্রামারের একটি করে এবং সহকারী প্রোগ্রামারের দুটি পদ শূন্য রয়েছে। দ্বিতীয় শ্রেণীর ১৯টি পদের মধ্যে ১৭টিই খালি। দুজন ডেটা এন্ট্রি কম্পিউটার অপারেটর ছাড়া অন্য সব পদই দীর্ঘদিন যাবৎ শূন্য। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, সহকারী সচিব, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও সহকারী বিদ্যালয় পরিদর্শকের তিনটি করে পদ, সহকারী কলেজ পরিদর্শকের একটি, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী ক্রীড়া কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী, সহকারী মূল্যায়ন কর্মকর্তা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও একান্ত সচিবের একটি করে পদ। তৃতীয় শ্রেণীর ১০৬টি পদের মধ্যে ৬৩টিই খালি। এর মধ্যে অফিস সহকারীর ৩৪টি পদের ২৬টি, হিসাব সহকারীর ১৩টির সব কটি এবং সনদ লেখকের চারটির মধ্যে চারটি পদই খালি। চতুর্থ শ্রেণীর ৬১টি পদের মধ্যে ১৩টিই খালি। এর মধ্যে দারোয়ান ও নৈশপ্রহরীর আটটি পদের মধ্যে সাতটি শূন্য।কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির সভাপতি মো. আবদুল খালেক বলেন, ‘কুমিল্লা শিক্ষা বোর্ডের বয়স ৫০ বছর। ইতিমধ্যে এ বোর্ডকে ভেঙে আরও দুটি শিক্ষা বোর্ড চট্টগ্রাম ও সিলেটে হয়েছে। এর পরও এ বোর্ডে কাজের চাপ রয়েছে। কাজের ক্ষেত্রও বেড়েছে। বছর বছর কর্মচারীরা অবসরে গেলে পদগুলো শূন্য হয়ে যায়। কিন্তু মামলাজনিত কারণে ২০ বছর যাবৎ বোর্ডে নিয়োগ বন্ধ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কাজ চালাতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’ কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস বলেন, ‘জনবল-সংকটের বিষয়টি মন্ত্রণালয়ে জানানো আছে। সরকার যখন শূন্য পদে লোক নেবে, তখনই তা পূরণ হবে। এর বাইরে আমরা দৈনিক হাজিরার ভিত্তিতে কিছু লোককে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি।’