ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করানো হবে আজ মঙ্গলবার। প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির পর বিভিন্ন অনুষদে ৮৩টি আসন ফাঁকা রয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিষয়ক শাখার উপ-রেজিস্ট্রার ফারুক আহম্মদ প্রথম আলোকে জানান, মেধাতালিকা ও প্রথম অপেক্ষমাণ ৮৩টি শূন্য আসনের মধ্যে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদে ৫২টি, পশুপালন অনুষদে ২৯টি এবং কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদে দুটি আসন ফাঁকা রয়েছে। তিনি জানান, আগে রিপোর্ট করা প্রার্থীদের আজ সকাল নয়টা থেকে ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল অনুষদের ডিন অফিসে পুনরায় রিপোর্ট করতে বলা হয়েছে। দুপুর একটায় মেধার ভিত্তিতে শূন্য আসনের ফলাফল ঘোষণা করা হবে। পরে দুপুর দুইটা থেকে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.admission.bau.edu.bd পাওয়া যাবে।