দ্বিতীয় কমিটির তদন্ত শুরু, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রয়েল বেঙ্গল টাইগারের তিনটি শাবক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রোববার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর থেকে মোখলেছুর রহমান (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে।তিনি উপজেলার সোরা গ্রামের ইস্রাফিল হোসেনের ছেলে। এদিকে বাঘের শাবক পাচারের ঘটনায় দ্বিতীয় কমিটি রোববার থেকে তদন্ত শুরু করেছে।শ্যামনগর থানার ওসি আমীর তৈমুর জানান, বাঘের শাবক পাচারের ঘটনায় রোববার বিকেলে মোকলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বুধবার পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দীন বাদী হয়ে একটি মামলা করেন।বন বিভাগ সূত্রে জানা গেছে, বাঘশাবক পাচারের ঘটনায় বন অধিদপ্তর ১৪ জুন খুলনার বন সংরক্ষককে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। এ কমিটি রোববার থেকে তদন্ত শুরু করেছে। কমিটির সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। খুলনার বন সংরক্ষক মো. আকবর হোসেন জানান, রোববার তাঁরা শ্যামনগর উপজেলার রমজাননগর ও কৈখালীর বিভিন্ন স্থান পরিদর্শন এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেন।এদিকে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা জহিরউদ্দীন আহমদ ১২ জুন পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এ কমিটির ১৬ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু কমিটি অধিকতর তদন্তের স্বার্থে আরও পাঁচ দিন সময় বাড়ানোর জন্য আবেদন করেছে।