দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু নির্মাণে দরপত্র আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর পাশে নতুন আরও তিনটি সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কাজ শুরু হবে নভেম্বরে। জাপানের অর্থায়নে এ তিন সেতু নির্মাণের পাশাপাশি বিদ্যমান সেতুগুলোরও সংস্কার করা হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বুধবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ তথ্য জানান। গত মঙ্গলবার তিন সেতু নির্মাণে দরপত্র আহ্বান করা হয়। নতুন সেতুগুলোর নাম দেওয়া হয়েছে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০৮ কিলোমিটার চার লেনে উন্নীত করার কাজ শেষ হয়েছে। ১৯২ কিলোমিটার পথ চার লেন করার কাজ শেষ হলে মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে। এ জন্যই নতুন তিনটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করতে কাঁচপুর সেতুর পাশে একটি উড়ালসড়ক ও সংযোগ সেতু নির্মাণ করা হবে। তিনি বলেন, দ্বিতীয় কাঁচপুর সেতুর দৈর্ঘ্য হবে ৪০০ মিটার। দ্বিতীয় মেঘনা সেতু ৯৩০ মিটার এবং দ্বিতীয় গোমতী সেতু হবে ১ হাজার ৪১০ মিটার দীর্ঘ। এসব সেতুর সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এর সঙ্গে ছয় লেনবিশিষ্ট ৮৭০ মিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ ও পুরোনো মেঘনা সেতু সংস্কার করা হবে।
সেতুমন্ত্রী জানান, সম্ভাব্যতা যাচাই, পরামর্শক নিয়োগ, নতুন সেতু নির্মাণ, পুরোনো সেতুর পুনর্বাসন, নির্মাণকাজ তদারকিসহ পুরো প্রকল্পের ব্যয় হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা দেবে সাড়ে ছয় হাজার কোটি টাকা। বাকি অর্থ সরকার বহন করবে। তিনি জানান, ২৭ এপ্রিল দরপত্র গ্রহণের শেষ দিন। আগামী সেপ্টেম্বরে কার্যাদেশ দেওয়া হবে।