সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নভেম্বরে-ডিসেম্বরে জাইকার অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনবিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর নির্মাণকাজ শুরু হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা পরিদর্শনকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘এবার ঈদে আশঙ্কা ছিল মহাসড়কগুলোতে তীব্র যানজট হবে। কিন্তু সেটি হয়নি। আমরা চেষ্টা করছি, যাতে নিরাপদে জনসাধারণ বাড়িতে যেতে পারে।’
মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছয় লেনবিশিষ্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। আমরা এরই মধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছি। ডিটেইল ডিজাইনের জন্য কনসালট্যান্ট নিয়োগ শেষ করেছি। সম্ভাব্যতা ও কনসালটেন্সি নিয়োগের বিষয়ে প্রস্তাব প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে।’ তিনি বলেন, দুটি প্রস্তাব পাঠানো হবে। একটি প্রকল্প ৮ বিলিয়ন ডলারের, আরেকটি খণ্ড আকারে ৩ বিলিয়ন ডলারের। প্রকল্প দুটি বাস্তবায়ন হলে ঢাকা-চট্টগ্রামের মধ্যে যাতায়াতের সময় দুই ঘণ্টা কমে যাবে।
কাঁচপুর সেতুর পূর্বপাড়ে সার্কুলার সড়ক উদ্বোধন করার পরও চালু না হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই সড়কটি ঈদের পর মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হবে। সড়কটি চালু হলে গাবতলীর মতো কাঁচপুর সার্কুলার সড়কের সুফল পাবে জনগণ।