দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন চেয়ারম্যান হলেন ফজলে কবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এর চেয়ারম্যান করা হয়েছে প্রথম ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীরকে। তিন সদস্যের নতুন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও প্রথম ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম।আইন মন্ত্রণালয় নতুন ট্রাইব্যুনালের বিষয়ে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে প্রথম ট্রাইব্যুনাল পুনর্গঠন করে ফজলে কবীরের স্থলাভিষিক্ত করা হয়েছে হাইকোর্টের বিচারপতি আনোয়ারুল হককে। বিদ্যমান ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (১) ও নতুন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (২) নামে গণ্য হবে।আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আশীষ রঞ্জন দাস প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেন।আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রথম ট্রাইব্যুনালে আটটি মামলার বিচারকাজ চলছে। বিচারকাজ ত্বরান্বিত করতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এটিও স্থাপিত হচ্ছে পুরোনো হাইকোর্ট ভবনে।মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনাল গঠন করা হয়।