মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন প্রায় চূড়ান্ত। বিচারক নিয়োগ করে আজ বৃহস্পতিবার নতুন ট্রাইব্যুনালের বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। কোনো কারণে তা না হলে আগামী সপ্তাহের শুরুতেই এই প্রজ্ঞাপন জারি করা হবে। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নতুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে বর্তমান ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং অপর দুই সদস্য হিসেবে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বর্তমান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলামের নাম আলোচনায় রয়েছে।জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আজকের (বৃহস্পতিবার) মধ্যে নতুন ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। তবে বিচারক হিসেবে কারা নিয়োগ পাচ্ছেন তা তিনি জানাননি।মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, বর্তমান ট্রাইব্যুনালে আটটি মামলার বিচারকাজ চলছে। এতে চাপ বেশি পড়ছে এবং প্রত্যাশা অনুযায়ী বিচারকাজ এগোচ্ছে না। এ জন্য দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত হয়েছে। পুরাতন হাইকোর্ট ভবনেই এই ট্রাইব্যুনাল হচ্ছে। ওই ভবন থেকে আইন কমিশনের কার্যালয় সরিয়ে সেখানে দ্বিতীয় ট্রাইব্যুনালের এজলাস ও বিচারকদের কক্ষ স্থাপন করা হচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তদন্ত সংস্থার সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও পাঁচজনের বিরুদ্ধে শিগগির তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। তাঁরা হলেন: মাওলানা আবুল কালাম আযাদ, মীর কাসেম আলী, এ বি এম খালেক মজুমদার, চৌধুরী মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খান। বিদেশে অবস্থানরত মাঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে একাত্তরের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগ আছে। মীর কাসেম আলী জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য। নতুন ট্রাইব্যুনাল গঠনের পর এই পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।মানবতাবিরোধী অপরাধের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর ও অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদ।আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, ফজলে কবীরকে নতুন টাইব্যুনালের চেয়ারম্যান করা হলে হাইকোর্টের এক বিচারপতি তাঁর স্থলাভিষিক্ত হতে পারেন।