দ্বিতীয় তদন্ত কমিটির সদস্যরা এলেন, দেখে চলেও গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা অয়েল কোম্পানির ১১ নম্বর ট্যাংকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য দ্বিতীয় তদন্ত কমিটির সদস্যরা ঢাকা থেকে চট্টগ্রামে এসেই গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গতকাল তাঁরা আবার ফিরে গেছেন ঢাকায়।
তদন্তের নেতৃত্ব দেন কমিটির প্রধান অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মমতাজ আলা শাকুর আহমেদ। কমিটির অন্য তিন সদস্য হলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপপ্রধান মো. আবু ইউসুফ মিয়া, যমুনা পরিচালনা পর্ষদের পরিচালক খ ম হাসান কবির আরিফ ও মোজাম্মেল হক ভুঁইয়া। আর সদস্যসচিব ছিলেন কোম্পানির সচিব মো. নাজমুল হক।
গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় যমুনা অয়েলের পতেঙ্গায় অবস্থিত ১১ নম্বর ট্যাংক থেকে অকটেন সরানোর সময় বিকট শব্দে আগুন ধরে যায়। এতে আহত হন ১০ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
গত ২৮ ফেব্রুয়ারি ট্যাংকে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য বিপিসি যুগ্মসচিব এস এম রেজওয়ান হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রথম তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিদেরও শনাক্ত করতে সক্ষম হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রকৌশলীসহ দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক আলিম উদ্দিন বলেন, বিপিসির গঠিত তদন্ত কমিটি তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে দুর্ঘটনার কারণ বের করেছে। এর পরও কোম্পানির কিছু দায়িত্ব আছে, যে কারণে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে পরিচালনা পর্ষদ। আলিম উদ্দিন আরও বলেন, ‘তদন্ত কমিটির কাছে আমাকেও জবাবদিহি করতে হয়েছে। ঘটনার সময় কার কী দুর্বলতা ছিল সেটা খতিয়ে দেখেছে কমিটি। যমুনা এখন কীভাবে চলছে সেটাও তদন্ত কমিটি দেখেছে। ঢাকায় গিয়ে কমিটির সদস্যরা দায় নিরূপণ করে প্রতিবেদন দেবেন।’