হরতাল-অবরোধের কারণে দ্বিতীয় দফা পেছাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ। পরিবর্তিত সূচি অনুযায়ী ২৫ থেকে ২৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৫, ৬, ৭ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত করা পরীক্ষাগুলো ২৫, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে। পরীক্ষার নতুন সময়সূচি, আসনবিন্যাসসহ প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admission.ru.ac.bd) থেকে জানা যাবে। এ বছর এ বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৬০১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন এক লাখ ৬৮ হাজার ২২৪ জন শিক্ষার্থী।