নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামি কাজী মাসুদুর রহমান ওরফে টিপন কাজীর দ্বিতীয় দফা রিমান্ড শেষ হয়েছে। গতকাল শুক্রবার গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে টিপনকে নরসিংদী কারাগারে পাঠানো হয়।নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, লোকমান হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ১২ নভেম্বর গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকা থেকে সন্দেহজনকভাবে টিপন কাজীকে গ্রেপ্তার করা হয়। ১৪ নভেম্বর নরসিংদীর আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় টিপনের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায় পুলিশ। অধিকতর জিজ্ঞাসাবাদ করা গেলে আরও কিছু তথ্য বের হবে—এমন ধারণা থেকে ২১ নভেম্বর টিপনকে আদালতে নিয়ে আবার রিমান্ড আবেদন করা হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল দ্বিতীয় দফার রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষ হয়।পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘রিমান্ডে নেওয়ার পর টিপন কাজীর কাছ থেকে আমরা প্রয়োজনীয় তথ্য উদ্ধার করতে পেরেছি এবং হত্যার সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকার প্রমাণ মিলেছে। গতকাল আদালত বন্ধ থাকায় অনুমতি নিয়ে তাঁকে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার তাঁকে আবার আদালতে ওঠানো হবে।’লোকমান স্মরণে শোকসভা: মেয়র লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল নরসিংদীর পৌর ঈদগাহ মাঠে দোয়া মাহফিল, গণভোজ ও শোকসভা করে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডবাসী। শোকসভায় লোকমান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ৭ ডিসেম্বর নরসিংদীর মাধবদী থেকে ইটাখোলা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদীর পৌর মেয়র লোকমান। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। পুলিশ মামলায় এজাহারভুক্ত একজন ও সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে।