দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরে বাধা নেই
দ্বিতীয় দফায় ১ জুন থেকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা চেম্বার বিচারপতির আদালতে স্থগিত হয়। চেম্বার বিচারপতির দেওয়া এই স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) করা আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন। গ্যাসের দাম বৃদ্ধি প্রশ্নে হাইকোর্টের দেওয়া রুল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন বেঞ্চ রুল শুনানির জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী ও এম সাইফুল আলম। পরে একরামুল হক বলেন, দ্বিতীয় দফা গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বহাল রয়েছে ও তা কার্যকরে বাধা নেই।
২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এই গণবিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দফায় ১ মার্চ ও দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়ার কথা। বিইআরসির আদেশ অনুযায়ী মার্চ থেকে আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য ৭৫০ (আগে ৬০০) ও দুই চুলার জন্য ৮০০ টাকা (আগে ৬৫০) বিল দেওয়ার কথা বলা হয়। আর জুন থেকে এক চুলার জন্য ৯০০ ও দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দেওয়ার কথা। ওই গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ক্যাবের কনজুমার কমপ্লেইন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন রিট করেন।