প্রাকৃতিক দুর্যোগের কারণ ছাড়াও নকশা, কারিগরি ও কাঠামোগত ত্রুটির কারণে গতকাল শনিবার দুপুরে ডুবে যায় ‘এমভি শাথিল-১’। তিন মাসের মধ্যে লঞ্চটি দ্বিতীয় দফায় দুর্ঘটনায় পড়ল। সমুদ্র পরিবহন অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র এবং উপস্থিত কর্মকর্তাদের প্রাথমিক পর্যবেক্ষণে এ তথ্য জানা গেছে।
এমভি শাথিল-১-এর মালিক বিএনপির সাবেক সাংসদ মো. শাজাহান খান। তাঁর মালিকানাধীন লঞ্চ ‘প্রিন্স অব পটুয়াখালী’ও ডুবেছে আরও দুবার। এরই মধ্যে আজ রোববার থেকে শুরু হচ্ছে নৌ নিরাপত্তা সপ্তাহ।
এর আগে এমভি শাথিল-১ দুর্ঘটনাকবলিত হয়েছিল ২৭ জানুয়ারি। পটুয়াখালীতে এমভি আঁচল নামের অপর একটি লঞ্চের ধাক্কায় এটি ডুবে যায়। সমুদ্র পরিবহন অধিদপ্তরের অভিজ্ঞ একাধিক কর্মকর্তার সঙ্গে গতকাল সন্ধ্যায় কথা বলে জানা যায়, গতকাল তিন মিনিটের ঝড়ে লঞ্চটি ডুবে যাওয়ার কথা ছিল না। ডিজাইন বা নকশা অনুসরণ করে সঠিক পদ্ধতিতে লঞ্চটি নির্মাণ করা হয়নি। এর নকশা ছিল ‘গতানুগতিক’। ২০০৬ সাল থেকে এ ধরনের লঞ্চকে চলাচলের উপযুক্ত মনে করা হচ্ছে না। এ ছাড়া গতকাল ঝড় হওয়ার সময় লঞ্চের ডেকে হ্যাচের ঢাকনাটি (‘ওয়াটার টাইট’) খোলা ছিল।
ওই কর্মকর্তাদের মতে, হ্যাচ ঢাকনা বন্ধ থাকলে খোলের ভেতর পানি ঢুকতে পারত না। এ ছাড়া নকশা ও নিয়ম অনুযায়ী লঞ্চ তৈরি হলে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কারণে দুর্ঘটনা ঘটলেও লঞ্চ কাত হয়ে আবার সোজা হয়ে যায়। হ্যাচ ঢাকনার নিচে খোলের জায়গার আয়তন পর্যাপ্ত থাকতে হবে, যেন জাহাজকে ভাসিয়ে রাখা যায়।
জানা যায়, লঞ্চটির যাত্রী ধারণক্ষমতা ছিল ১৬০। এর মধ্যে ওপরের অংশে মাত্র ৪০ জন যাত্রী আসন ছিল। কিন্তু গতকাল লঞ্চটির ওপরের অংশেই বেশি যাত্রী ছিল। আবহাওয়া ভালো না থাকলেও লঞ্চের লোকজন তাদের কোনো রকম বাধা দেয়নি।
লঞ্চটির দৈর্ঘ্য ২৫ দশমিক ১০ মিটার, প্রস্থ ৫ দশমিক ৪৯ মিটার এবং গভীরতা ছিল ১ দশমিক ৬৮ মিটার।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এমভি শাথিলের মতো ছোট লঞ্চগুলো ১৯৮৩ থেকে ১৯৮৫ সালের নকশা অনুযায়ী তৈরি। এ ধরনের লঞ্চ ঝড় হলে ২০ ডিগ্রি পর্যন্ত কাত হয়ে সোজা হয়ে যাওয়ার কথা। বর্তমানে এ ধরনের লঞ্চের অনুমোদন দেওয়া হচ্ছে না।
শাথিলের মালিক মো. শাজাহান খান অসুস্থ থাকায় কথা বলতে পারেননি। তাঁর ছেলে মেসার্স শিপলু ট্রান্সপোর্টের পরিচালক শিপলু খান প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁদের লঞ্চ সম্পূর্ণ নকশামাফিক তৈরি হয়েছে। ঝড়ের কারণেই গতকাল লঞ্চটি ডুবে যায়।
নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু: আজ থেকে দেশে নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয় ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের উদ্যোগে প্রতিবছর ৪ থেকে ১০ মে পর্যন্ত নৌ সপ্তাহ পালন করা হয়।
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।