দ্বিতীয় দফায় ভোলার রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে নগর গোয়েন্দা পুলিশ। রিমান্ড শেষে গত রোববার নতুন করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয় বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি ওয়াসিম ও আনোয়ার গত ২৬ জুন আদালতে জবানবন্দি দেন। এতে তাঁরা উল্লেখ করেন, হত্যাকাণ্ডে ওয়াসিম, আনোয়ার, মো. রাশেদ, নবী, মো. শাহজাহান, কামরুল সিকদার ওরফে মুছা ও মো. কালু অংশ নেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলে ছিলেন ওয়াসিম, মুছা ও নবী। মাহমুদাকে ছুরিকাঘাত করেন নবী। অস্ত্র সরবরাহ করেন ভোলা। 

গত ২২ জুন চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ মুছাকে ধরে নিয়ে গেছে বলে দাবি করে আসছেন তাঁর স্ত্রী পান্না আক্তার। তবে পুলিশ তা অস্বীকার করে বলছে, মুছাকে খোঁজা হচ্ছে।  

মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, ভোলাকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি। দ্বিতীয় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দু-এক দিনের মধ্যে কারাগার থেকে আনা হবে।