দ্বিতীয় দফায়ও নিবন্ধন শর্ত পূরণে ব্যর্থ বিএনএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত পূরণে দ্বিতীয় দফায়ও ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিবন্ধন শাখা দলটির দপ্তর ও কমিটি সম্পর্কে মাঠ থেকে আসা তদন্ত প্রতিবেদন গতকাল রোববার থেকে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।সূত্র জানায়, নিবন্ধনের জন্য প্রয়োজনীয়সংখ্যক সক্রিয় দপ্তর ও কমিটির অস্তিত্ব পায়নি কমিশনের তদন্তকারী দল।বিএনএফের প্রধান সমন্বয়কারী এস এম আবুল কালাম আজাদকে গতকাল প্রায় সারা দিনই নির্বাচন কমিশন সচিবালয়ের নিবন্ধন শাখায় এক কর্মকর্তার পাশের চেয়ারে বসে থাকতে এবং বিভিন্ন কাগজপত্রে লেখালেখি করতে দেখা গেছে। আপনি এখানে কী করছেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ বলেন, ‘মনে করেন আমি এখানে নাই। আমারে কেউ দ্যাখে নাই।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রতীক হিসেবে এখন আর গমের শীষ চাই না। নিবন্ধন পাওয়ার ব্যাপারেও শতভাগ আশাবাদী নই। কারণ, একটি বিশেষ দল আমাদের বিরোধিতা করছে।’আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে ৪১টি দল আবেদন করেছিল। এর মধ্যে প্রাথমিকভাবে কমিশন বিএনএফ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটকে নিবন্ধন দেওয়ার জন্য বিবেচনায় নিয়েছে। তবে বিএনপি বিএনএফকে নিবন্ধন না দিতে কমিশনকে অনুরোধ জানিয়েছে। বিএনপি অভিযোগ করেছে, নির্বাচন কমিশন মানুষকে বিভ্রান্ত করতে গমের শীষ প্রতীক দিয়ে বিএনএফকে নিবন্ধিত করার চেষ্টা চলাচ্ছে।রাজনৈতিক দলের নিবন্ধন আইন অনুযায়ী, কোনো দলকে নিবন্ধন পেতে ২২টি জেলা ও ১০০টি উপজেলায় সাংগঠনিক কমিটি ও দপ্তর থাকতে হবে। কমিশন সচিবালয় সূত্র জানায়, আবেদনে বিএনএফ ৩৬ জেলা ও ১৩৪ উপজেলায় তাদের দপ্তর ও কমিটি আছে উল্লেখ করেছিল। তবে কমিশনের প্রাথমিক তদন্তে ১৯ জেলা ও ৩২ উপজেলায় দলটির দপ্তর ও কমিটির হদিস পাওয়া যায়। এরপর ৪ আগস্ট বিএনএফ সময় বাড়ানোর আবেদন জানিয়ে বলে, একটি বিশেষ দল বিভিন্ন উপজেলায় তাদের দপ্তর ভেঙে দিয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন দলটিকে অতিরিক্ত ১৫ দিন সময় দেয়।কমিশন সূত্র জানায়, কমিশন দ্বিতীয় দফা তদন্ত করে ২৬ জেলা ও ৮৮ উপজেলায় বিএনএফের দপ্তর খুঁজে পেয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা এসব তদন্ত প্রতিবেদন গতকাল পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়।