দ্বিতীয় দফায় দেওয়া সময়েও গতকাল মঙ্গলবার মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হননি জামায়াতে ইসলামীর তিন নেতা। তাঁরা হলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল সেলিম উদ্দিন।জামায়াতের এই তিন নেতার আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের হাজিরের জন্য সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত সময় বাড়িয়েছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল বলেন, ওই দিন উপস্থিত না হলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্য করায় ৭ ফেব্রুয়ারি এক আদেশে জামায়াতের এই তিন নেতাকে ২০ ফেব্রুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। কিন্তু ২০ ফেব্রুয়ারি তাঁরা হাজির হননি। তাঁদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল হাজিরের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।গতকাল জামায়াতের নেতাদের আইনজীবী গোলাম মোহাম্মাদ চৌধুরী সময়ের আরজি জানিয়ে ট্রাইব্যুনালে বলেন, এই তিন নেতা অস্বাভাবিক পরিস্থিতির কারণে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, দুই দফায় সময় দেওয়া হয়েছে। তার পরও কেন উপস্থিত হলেন না?রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত বলেন, ওই তিনজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে অপরাধ করেছেন। তিনি তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আরজি জানান।গোলাম মোহাম্মাদ চৌধুরী শেষবারের মতো সময় দেওয়ার আবেদন জানালে ট্রাইব্যুনাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়ে বলেন, শেষবারের মতো সময় দেওয়া হচ্ছে। এদিন হাজির হতে না পারলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেওয়া হবে।পত্রিকার প্রতিবেদন অনুসারে ৪ ফেব্রুয়ারি এক জনসভায় হামিদুর রহমান আযাদ ও সেলিম উদ্দিনের বক্তব্য এবং এক বিবৃতিতে রফিকুল ইসলাম খানের বক্তব্যকে ট্রাইব্যুনাল আদালতের জন্য চরম অবমাননাজনক বলে মনে করেন। ৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে ওই তিনজনকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দেন।