চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হওয়া তিন দিনব্যাপী প্রথম আলো-টিআইবি তারুণ্য উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা, আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন করেন চুয়েটের তড়িৎ কৌশল বিভাগের প্রধান পরিতোষ কুমার সাধু খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষক আসাদুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল ও কম্পিউটার কৌশল বিভাগের প্রধান তাওসিফ সাঈদ এবং প্রকৌশলী এ এইচ এম শাহনূর।প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। চুয়েট ছাড়া বাকি ছয়টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশন্যাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), সাউদার্ন বিশ্ববিদ্যালয়, আহ্সানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশন্যাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি)। প্রতিযোগিতায় সফটওয়ার বিভাগে প্রথম হয় বুয়েট এবং দ্বিতীয় হয় চুয়েট। হার্ডওয়ারে প্রথম হয় আইআইইউসি, দ্বিতীয় হয় সাউদার্ন বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় হয় চুয়েট। সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভেন্যুতে শুরু হয় আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতা কোয়ার্টার ফাইন্যাল পর্যন্ত অনুষ্ঠিত হয়। দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৬টি দল বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, এশিয়ান বিশ্ববিদ্যালয়, আইআইইউসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (ইউআইটিএস)।সন্ধ্যায় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চুয়েট, বুয়েট, কুয়েটসহ ১০টি বিশ্ববিদ্যালয়ের ১২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। তারুণ্য উৎসবের শেষ দিন আজ শনিবার থাকছে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও দ্বিতীয় আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব।