জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত সপ্তাহব্যাপী মুক্তিসংগ্রাম নাট্যোৎসবের দ্বিতীয় দিন গতকাল রোববার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে।
শিক্ষা ও গবেষণায় মুস্তাফা নূরউল ইসলাম ও হায়াৎ মামুদ, নারী নেতৃত্বে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, ভাস্কর্যশিল্পে জাহানারা পারভীন ও মুক্তিযুদ্ধ গবেষণায় মেজর (অব.) শামসুল আরেফিনকে সম্মাননা দেওয়া হয়। গতকাল রাত পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এসব সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন বলেন, ‘দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই দেশকে আমরা সবাই ভালোবাসি। আসলে দেশকে ভালোবাসা বা দেশপ্রেম মানে হলো নিজের কাজটিই সঠিকভাবে করা।’
এর আগে বেলা তিনটায় সেলিম আল দীন মুক্তমঞ্চের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৩০ লাখ শহীদের সম্মানে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঘাতক দালাল নির্মূল কমিটির মুখপাত্র শাহরিয়ার কবির ও প্রজন্ম ’৭১–এর কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানটি পরিচালনা করেন। রাত আটটায় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।