প্রাজ্ঞ নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লার নাট্য সংগঠন অধুনা থিয়েটার। গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে ‘মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে’ এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় আরেক গুণী নাট্যজন ফেরদৌসী মজুমদার মঞ্চে উপস্থিত ছিলেন। অধুনা থিয়েটারের ২৫ বছর পূর্তি উৎসব বা রজতজয়ন্তী উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সাবেক সভাপতি জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে গতকাল দ্বিতীয় দিনের অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৃপ্তীশ চন্দ্র ঘোষ, কুমিল্লা আইন কলেজের অধ্যক্ষ মনজুর কাদের, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কার্যকরী পরিষদের সদস্য শাহজাহান চৌধুরী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংসদের সদস্যসচিব নাজমুল বারী চৌধুরী, উন্নয়নকর্মী কাজী এমদাদুল হক ও নাট্যকর্মী ফারহানা ফেরদৌসী।
পরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে থিয়েটার ঢাকার পরিবেশনায় মেরাজ ফকিরের মা নাটক মঞ্চায়ন হয়। আবদুল্লাহ আল মামুনের রচনা ও নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয়। এতে রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার অভিনয় করেন।
১৯৯১ সালে কুমিল্লার নাট্য সংগঠন অধুনা থিয়েটার প্রতিষ্ঠিত হয়।