দ্বিতীয় দিনে সাক্ষ্য দিলেন ১৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলায় গতকাল রোববার ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁদের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মো. সাইফুজ্জামান ১৫ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আদালত ১৫ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এ মামলার শেষ যে পাঁচ সাক্ষী ওই দিন সাক্ষ্য দেবেন, খাদিজাও তাঁদের একজন। আদালত তাঁকে সাক্ষ্য দিতে বলায় রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসকের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা হয়। আদালতে গিয়ে খাদিজার সাক্ষ্য দেওয়ার ব্যাপারে এ সময় নিরুৎসাহিত করেন চিকিৎসক। বিষয়টি আদালতকে জানানো হলে বিচারক সম্ভব হলে খাদিজাকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলেন। ১৫ ডিসেম্বর খাদিজা পারলে সাক্ষ্য দেবেন, না হলে অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে বিচারিক কার্যক্রম সমাপ্ত করা হবে।
আদালত সূত্র জানায়, গতকাল এ মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এর মধ্যে রয়েছেন আসামি বদরুল আলমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী বিচারক উম্মে সরাবতন তহুরা, খাদিজার বাবা মাসুক মিয়া, মা মনোয়ারা বেগম, মহানগর পুলিশের শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি, মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদ, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আতিকুল গণি। এ ছাড়া পুলিশের নয় সদস্যও সাক্ষ্য দিয়েছেন। এর আগে ৫ ডিসেম্বর প্রথম দিন ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গতকাল পর্যন্ত এ মামলার ৩৭ সাক্ষীর ৩২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
এদিকে গতকালের সাক্ষ্য গ্রহণের আগে আগে বেলা পৌনে ১১টার দিকে বদরুলকে আদালতে হাজির করা হয়। এ সময় সাংবাদিকদের দেখে উচ্চ স্বরে তিনি বলেন, ‘আমার ফাঁসি হোক, খাদিজার জয় হোক।’
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা গত ৩ অক্টোবর এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস কোর্স) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল। জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন। খাদিজাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে প্রথমে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ৪ অক্টোবর এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস মহানগর পুলিশের শাহপরান থানায় হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে আসামি করে মামলা করেন।