দ্বিতীয় দিনে ২৫ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িল থেকে বালু নদ পর্যন্ত সড়কের দুই পাশে ১০০ ফুট খাল খননের জন্য অধিগ্রহণ করা জমিতে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজউক। গতকাল দ্বিতীয় দিনের অভিযানে সড়কের খিলক্ষেত অংশে গড়ে ওঠা রেস্তোরাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
কুড়িল থেকে বালু নদ পর্যন্ত সড়কের দুই পাশে ১০০ ফুট খাল খননের জন্য অধিগ্রহণ করা জমিতে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজউক। গতকাল দ্বিতীয় দিনের অভিযানে সড়কের খিলক্ষেত অংশে গড়ে ওঠা রেস্তোরাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের (৩০০ ফুট) দুই পাশে বিভিন্ন স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদের জন্য দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
গতকাল বৃহস্পতিবার এই সড়কের ১০০ ফুট খাল খনন প্রকল্পের খিলক্ষেত অংশে রেস্তোরাঁ, পাকা ভবনসহ ২৫টির মতো স্থাপনা উচ্ছেদ করা হয়। সকালে বসুন্ধরা কনভেনশন সিটির একটু সামনে থেকে শুরু হওয়া এই অভিযান চলে বিকেল পর্যন্ত।
এর আগে বুধবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত প্রথম দিনের অভিযানে সড়কের খিলক্ষেত অংশে বসুন্ধরা কনভেনশন সিটির সীমানাপ্রাচীর, কয়েকটি রেস্তোরাঁ ও বিপরীত পাশে জোয়ারসাহারা অংশে নির্মাণাধীন একটি বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দেওয়া হয়।
রাজউকের কর্মকর্তারা বলছেন, কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত ১০০ ফুট প্রশস্ত খাল খননের জন্য অধিগ্রহণ করা জমিতে এসব স্থাপনা গড়ে উঠেছিল। সড়কের দুই পাশে এমন দেড় শতাধিক স্থাপনা চিহ্নিত করা হয়েছে। যেগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
প্রতি বর্ষা মৌসুমে রাজধানীর নিকুঞ্জ, বারিধারা, জোয়ারসাহারা, ডিওএইচএস, সেনানিবাস, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কালাচাঁদপুরসহ বিস্তীর্ণ এলাকায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনের জন্য গত ৮ জুলাই কুড়িল বিশ্বরোড থেকে বালু নদ পর্যন্ত এই খাল খননের কাজ শুরু হয়। সড়কের দুই পাশেই এই খালের দৈর্ঘ্য হবে ১৩ কিলোমিটার করে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। খরচ হবে ৫ হাজার ২৮৬ কোটি টাকা। এর মধ্যে ৯০ একর ভূমি অধিগ্রহণেই ব্যয় হচ্ছে ৪ হাজার ৩৩৪ কোটি টাকা।
গতকালের অভিযানে ৩০০ ফুট সড়কের জোয়ারসাহারা অংশে একটি ভবনের সীমানাপ্রাচীর ভাঙার কথা থাকলেও তা ভাঙা হয়নি। এই ভবনটির সীমানাপ্রাচীরের পাশে পাম্পহাউস ও জেনারেটর কক্ষ থাকায় শুরুর দিনের অভিযানে তা ভাঙা যায়নি বলে রাজউক কর্মকর্তারা জানিয়েছিলেন। এ বিষয়ে রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ১০০ ফুট খান খনন প্রকল্পের পরিচালক মো. নুরুল ইসলাম গতকাল অভিযান চলাকালে বলেন, ‘ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার জন্য ওই ভবনের লোকজন আমাদের কাছে মৌখিকভাবে সময় চেয়েছেন। এর আগে আমরা সড়কের উত্তর পাশের স্থাপনাগুলো উচ্ছেদ করে খননকাজ শুরু করতে চাই।’
গতকালের অভিযানে পুলিশ হাউজিংয়ের কাছাকাছি জায়গাতেও দুটি ভবন ভেঙে ফেলা হয়। এ বিষয়ে অভিযানের নেতৃত্বে থাকা রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন বলেন, ‘এসব স্থাপনা ৩১ জুলাইয়ের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছিল। কিন্তু তাতে অনেকে সাড়া দেননি। তাই বাধ্য হয়েই আমাদের এই অভিযান পরিচালনা করতে হচ্ছে।’ এদিন অভিযান চলাকালে এমন অনেককে স্থাপনা সরিয়ে নিতে আরও খানিকটা সময় চাইতে দেখা যায় রাজউক কর্মকর্তাদের কাছে।
১০০ ফুট খাল খনন প্রকল্পের প্রকল্প পরিচালক বলেন, আজকের পর পরবর্তী বুধবার তৃতীয় দফায় তাঁরা এই এলাকায় আবার অভিযান চালাবেন। এর মধ্যে যার যার স্থাপনা সরিয়ে নেওয়ার অনুরোধ জানান তিনি।