দ্বিতীয় দিনেও অবরুদ্ধ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটানা দুুদিন ধরে তাঁর কক্ষে এখনো অবরুদ্ধ আছেন। ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী তাঁদের চাকরি স্থায়ীকরণ ও এক বছরের বকেয়া বেতনের দাবিতে উপাচার্য এ কে এম নূর-উন-নবীকে তাঁর কক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে অবরুদ্ধ করে রেখেছেন।
অবরুদ্ধ থাকা অবস্থায় উপাচার্য এ কে এম নূর-উন-নবী মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, ‘না খেয়ে কষ্ট করে কক্ষের মধ্যে চেয়ারে বসে বসে অবরুদ্ধ সময় কাটছে। কিন্তু এখানে আমারই বা কী করার আছে? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া আমি কোনো কিছুই করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে একটি বিরাট অংশের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করেছি। বাকিদের জন্য চেষ্টা করছি। তবে একটু সময় তো লাগবে।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিশিন পরিমল বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য স্যারের সঙ্গে আমরা শিক্ষক সমিতির নেতারা বিকেলে দেখা করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্থিতিশীল চাই।’ এ বিষয়ে অবশ্যই আলোচনা হওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এদিকে দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা উপাচার্যের কক্ষের দরজার সামনে বারান্দায় শুয়ে-বসে আছেন। এরই মধ্যে ফাতেমা বেগম নামের একজন কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। চিকিত্সক নিয়ে তাঁকে চিকিত্সা দেওয়া হয়েছে। রোজার মাস হওয়ায় আন্দোলনকারীরাও নিস্তেজ হয়ে পড়েছেন। এর পরও তাঁদের অবস্থানে তাঁরা অনড় রয়েছেন বলে আজ শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে।
আন্দোলনরত কর্মকর্তাদের পক্ষে সেকশন কর্মকর্তা (গ্রেড-২) রফিকুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমাদের আন্দোলন ন্যায়সংগত।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেতনভুক্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বর্তমানে ৫৪০ জন। সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়া ইউজিসির অনুমোদন না নিয়ে অতিরিক্ত ৩৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিয়েছিলেন। এঁদের মধ্যে নতুন উপাচার্য এ কে এম নূর-উন-নবী গত এক বছরে ১৯৫ জনের চাকরি স্থায়ী করলেও সবার চাকরি স্থায়ী করা এখনো সম্ভব হয়ে ওঠেনি। বর্তমানে আন্দোলনরত ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি অন্তর্বর্তীকালীন, যাঁদের চাকরির মেয়াদ গত বছর জুন মাসে শেষ হয়েছে।
এর আগে গত বছর ১৭ সেপ্টেম্বর একটানা ৭৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন উপাচার্য এ কে এম নূর-উন-নবী।
গত বছরের ৫ মে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল মিয়াকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।