দ্বিতীয় দিনেও জনমত সংগ্রহ কর্মসূচি পালন ছিটমহলবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা ১৬২টি ছিটমহলে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো মতবিনিময় ও জনমত সংগ্রহ কর্মসূচি পালিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম এবং পঞ্চগড় ও কলকাতা প্রতিনিধির পাঠানো খবর:পঞ্চগড়: দাবি আদায়ে ১০ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল সকাল থেকে পঞ্চগড়ের বিভিন্ন ছিটমহলের কয়েক শ মানুষ পঞ্চগড় জেলা শহরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়। কুড়িগ্রাম: জেলার বিভিন্ন ছিটমহলের জনগণ গতকাল সকাল ১০টা থেকে কুড়িগ্রাম শহরের শহীদ মিনার চত্বর, কুড়িগ্রাম সরকারি কলেজ, বাসস্ট্যান্ডে জনমত সংগ্রহ অভিযান চালান। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আহ্বানে গত শুক্রবার থেকে একযোগে ১৬২টি ছিটমহলে অভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে জনমত সংগ্রহে নির্দিষ্ট দল কাজ করছে। কলকাতা: পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অবস্থিত বাংলাদেশের ৫১টি ছিটমহলে গতকালও জনমত সংগ্রহের জন্য সভা-সমাবেশ ও প্রচারপত্র বিলি করা হয়। হয়েছে বিক্ষোভ মিছিলও। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গতকাল প্রথম আলোকে বলেন, ২ অক্টোবর ১০ দিনের অভিন্ন কর্মসূচি শেষ হবে। এর মধ্যে ছিটমহল বিনিময়ের তারিখ ঘোষণা করা না হলে অনশনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।