প্রথম দিনের মতো গতকাল শুক্রবার দ্বিতীয় দিনেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে। ৪১৯ জন হাজি নিয়ে ফ্লাইটটি দুপুর ১২টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও সেটি ঢাকায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বেলা সোয়া দুইটায়।
অবশ্য এর আগে দুপুর ১২টায় নির্ধারিত সময়েই হাজিদের নিয়ে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকা এসে পৌঁছায়। বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরেকটি ফিরতি হজ ফ্লাইট ঢাকা এসে পৌঁছায়।
এর আগে গত বৃহস্পতিবারের প্রথম ফিরতি হজ ফ্লাইট নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ঢাকায় অবতরণ করে। বিলম্বের কারণ হিসেবে বিমান কর্তৃপক্ষ বলছে, হাজিরা সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছাতে দেরি হচ্ছে, ফলে ফ্লাইটে দেরি হচ্ছে।
তবে ঢাকায় পৌঁছানোর পর হাজিরা অভিযোগ করেন, জেদ্দা বিমানবন্দরে কঠোরভাবে নিরাপত্তাতল্লাশি ও অভিবাসন ডেস্কে আনুষ্ঠানিকতার ক্ষেত্রে সময় লাগছে বেশি। এ কারণে ফ্লাইট বিলম্বিত হচ্ছে।
বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইটের যাত্রী আমিনুল ইসলাম, ওসমান গনি, আবদুর রাজ্জাক ও সুরুজ মিয়া বলেন, জেদ্দা বিমানবন্দরে পৌঁছার পর দীর্ঘ সময় তাঁদের বসিয়ে রাখা হয়। এরপর নিরাপত্তাতল্লাশি করতে জনপ্রতি ১০ মিনিটের বেশি সময় লাগাচ্ছে।
চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ নারী-পুরুষ হজ করেছেন। বিমান কর্তৃপক্ষ জানায়, আগামী ৮ নভেম্বর পর্যন্ত মোট ১৩৪টি ফ্লাইটে ৫০ হাজার ৩২৯ জন হাজিকে দেশে ফিরিয়ে আনবে বিমান। বাকি বাংলাদেশি হাজিরা ফিরবেন সৌদিয়া এয়ারলাইনস ও সে দেশের নাস এয়ারলাইনসে।