দ্বিতীয় দিনেও পণ্য খালাস বন্ধ বিমানবন্দরে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকালও কোনো পণ্য ওঠানো-নামানো হয়নি। সিঅ্যান্ডএফ এজেন্সির তিন কর্মচারী আটকের পর গত সোমবার থেকে ঢাকা কাস্টম হাউস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়। এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা বলেন, দাবি না মানা পর্যন্ত তাঁদের ধর্মঘট অব্যাহত থাকবে।
বিমানবন্দরের সূত্র জানায়, বিদেশ থেকে আসা পণ্য খালাসের পর আমদানিকারকের সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব বিমান কর্তৃপক্ষের। কিন্তু তাদের লোকবল কম থাকায় এত দিন এসব পণ্যসামগ্রী খালাসে সিঅ্যান্ডএফ এজেন্টগুলোর কর্মচারীরা হাত লাগাতেন। তাঁরা বিমানবন্দরের স্পর্শকাতর এলাকায় ঢুকে পণ্য আনা-নেওয়া করতেন। সম্প্রতি নিরাপত্তার কারণে কার্গো গুদামের ভেতরে সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারীদের প্রবেশ নিষিদ্ধ করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) এ নির্দেশনা দেওয়া হয়। সোমবার সিঅ্যান্ডএফ এজেন্সির তিন কর্মচারীকে আটক করে এপিবিএন। এর প্রতিবাদে কার্গো গুদাম থেকে মালামাল ওঠানো-নামানো বন্ধ করে দেয় ঢাকা কাস্টম হাউস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন। গতকালও সেই অবস্থা বহাল ছিল।
এ অবস্থায় গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কার্গো ভবনে বিমান কর্তৃপক্ষের সঙ্গে সিভিল এভিয়েশন, এপিবিএনের কর্মকর্তা এবং ঢাকা কাস্টম হাউস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের নেতারা বৈঠক করেন। তিন ঘণ্টার বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, বৈঠকে সিঅ্যান্ডএফ এজেন্টদের চাহিদা অনুযায়ী একটি দল তৈরি করে তাদের কর্মচারীদের পণ্য খালাসের অনুমতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এয়ার ফ্রেইটের গেটে এপিবিএন, সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তারা কার্ড যাচাই করে সিঅ্যান্ডএফ কর্মচারীদের ভেতরে যেতে অনুমতি দেবেন। তবে এই প্রস্তাব মানতে রাজি নন সিঅ্যান্ডএফ নেতারা।
বৈঠক শেষে এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, পরিচয়পত্র দেখে সিঅ্যান্ডএফ এজেন্টদের পণ্য খালাসের সময় সংশ্লিষ্ট এলাকা ঘিরে রাখা হবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি এম এম আসাদুল হোসেন প্রথম আলোকে বলেন, এয়ার ফ্রেইট এলাকায় আমদানি করা পণ্য খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হয়ে যায়। নির্ধারিত স্থানে পণ্য পাওয়া যায় না। এমনকি পণ্য হারিয়ে গেলে বিমান কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না।
এ কারণে সিঅ্যান্ডএফ এজেন্টের প্রায় ছয় হাজার কর্মচারী পণ্য খালাসের কাজ করেন। তাঁদের সবাইকে পরিচয়পত্র দেওয়া না হলে ধর্মঘট চলতে থাকবে।
এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা কাস্টম হাউসের কমিশনার লুৎফর রহমান বলেন, বিমান কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।