পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক দ্বিতীয় দিনেও সচল করা যায়নি। মহাসড়কের আন্ধারমানিক নদের কলাপাড়া অংশের ফেরিঘাটের পন্টুন ও বেইলি সেতুর মেরামতকাজ সম্পন্ন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বেইলি সেতু স্থাপনের কাজ চলছে। অন্তত ৩০ জন শ্রমিককে এ কাজে নিয়োজিত করা হয়েছে। তবে পন্টুনটি এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। কর্মরত শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, ডুবে যাওয়া পন্টুনটিতে পলি জমেছে। তাই এটি তুলতে বেগ পেতে হবে।
মহীপুর মৎস্যবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদারউদ্দিন মাসুম প্রথম আলোকে বলেন, মহাসড়কটি বন্ধ থাকায় সমুদ্রসৈকত কুয়াকাটা, মৎস্যবন্দর আলীপুর ও মহীপুর থেকে দেশের কোথাও ইলিশ সরবরাহ করা যাচ্ছে না। এতে ইলিশের দাম মণপ্রতি পাঁচ থেকে সাত হাজার টাকা কমে গেছে। ফলে ব্যবসায়ীরা মৌসুমের শুরুতেই ধাক্কা খেয়েছেন।
পটুয়াখালী সওজ বিভাগের কলাপাড়ার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. বেল্লাল হোসেন বলেন, ‘সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে মেরামতকাজ শুরু করি। তবে বাল্কহেড না পাওয়ায় পন্টুন তোলার কাজ শুরু করা সম্ভব হয়নি।’ তিনি আরও জানান, গলাচিপা থেকে একটি বাল্কহেড নিয়ে আসা হচ্ছে। এ ছাড়া কলাপাড়ার হাজীপুর ফেরিঘাটের একটি ফেরিও আনা হচ্ছে। বিকেলের শেষ ভাটায় অথবা রোববারের (আজ) সকালের ভাটায় হয়তো বাল্কহেড আর ফেরির সমন্বয়ে পন্টুনটি তোলার কাজ শুরু করা যাবে।
কুয়াকাটা সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘যত দ্রুত এ মহাসড়কটি সচল করা যায়, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। পন্টুন-বেইলি সেতু প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করে রোববার বিকেলের মধ্যে সড়কটি সচল করার একটা লক্ষ্য আমাদের রয়েছে। তবে এ ক্ষেত্রে হেরফেরও হতে পারে।’
শুক্রবার ভোরে অতিরিক্ত রডবোঝাই একটি ট্রাক বেইলি সেতু পার হয়ে পন্টুনে উঠতে গেলে বেইলি সেতুর স্লিপার ভেঙে যায় এবং পন্টুন ফুটো হয়ে ডুবে যায়। এর পর থেকে সমুদ্রসৈকত কুয়াকাটার সঙ্গে রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।