দ্বিতীয় দিনের মতো উপাচার্য কার্যালয়ে তালা শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে গতকাল মঙ্গলবারও তাঁর কার্যালয়ে তালা দিয়ে রাখেন আন্দোলনরত শিক্ষকেরা।
দুই মাসের ছুটি শেষ হওয়ার এক দিন আগে গত সোমবার কাজে যোগদানের পর সেদিনও উপাচার্যের কার্যালয় সকাল থেকে বিকেল পর্যন্ত তালা দিয়ে রাখেন ওই শিক্ষকেরা। এদিকে উপাচার্যের পদত্যাগ ইস্যুতে বিভক্ত হয়ে পড়া সরকার-সমর্থক দুই শিক্ষক ফোরামের অপর পক্ষ এ আন্দোলনকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়েছেন।
উপাচার্য কার্যালয়ে প্রবেশের প্রধান ফটকে গতকাল দ্বিতীয় দিনের মতো তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ নামের ফোরামের শিক্ষকেরা। প্রশাসন, আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এ ছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান ফটকেও তালা দেন। ফলে পরীক্ষাসংক্রান্ত কাজে ও সনদ নিতে আসা অনেক শিক্ষার্থী পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ঢুকতে না পেরে ফিরে যান।
তবে বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কিছু শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ক্যাম্পাসে কিছুটা উত্তেজনার সৃষ্টি হলেও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আন্দোলনকারী কয়েকজন শিক্ষক বলেন, তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের ‘এমন হস্তক্ষেপ’ মোটেও কাম্য নয়।
এ ঘটনার পর আন্দোলনকারী শিক্ষকেরা বেলা পৌনে চারটার দিকে অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত করে উপাচার্যের বাসভবনে যান। উপাচার্য বাসভবন থেকে বেরিয়ে এসে তাঁদের সঙ্গে কথা বলেন। এই শিক্ষকেরা তাঁকে ‘সসম্মানে পদত্যাগ করে’ চলে যাওয়ার অনুরোধ জানান।
আন্দোলনকারী কয়েকজন শিক্ষক বলেন, তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য বলেন, তাঁকে সরকার নিয়োগ দিয়েছে। সরকার পদত্যাগ করতে বললে তিনি তা করবেন। অন্যথায় তা তাঁর পক্ষে সম্ভব নয়। তাঁর এ কথা শুনে শিক্ষকেরা আবার উপাচার্যের কার্যালয়ে ফিরে গিয়ে ফটকে অবস্থান শুরু করেন।
এই ফোরামের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম বলেন, ‘১২ এপ্রিল শিক্ষকেরা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন। এ উপাচার্য একজন দুর্নীতিবাজ। তিনি পদত্যাগ করে চলে না যাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
ওদিকে আন্দোলনকারী শিক্ষকেরা উপাচার্যের বাসভবন থেকে চলে যাওয়ার পর সরকার-সমর্থিত অপর ফোরাম ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’-এর শিক্ষকেরা উপাচার্যের সঙ্গে বাসভবনে দেখা করেন। এই পক্ষ উপাচার্যবিরোধী আন্দোলনকে ‘অযৌক্তিক’ আখ্যা দেন। এ ফোরামের কয়েকজন নেতা বলেন, উপাচার্য শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন শুনে তাঁরাও নিন্দা জানিয়েছেন। পরে উপাচার্য দুঃখও প্রকাশ করেছেন। তাই আন্দোলন করে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তোলা খুবই দুঃখজনক। এ ছাড়া শিক্ষক সমিতির সভায় উপাচার্যের পদত্যাগের বিষয় নিয়ে প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পরও সমিতিকে পাশ কাটিয়ে কিছু শিক্ষকের আন্দোলন চালিয়ে যাওয়া সমিতির চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল দুপুরে বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে উপাচার্য তাঁর বাসভবনে একান্ত বৈঠক করেছেন।
সিলেট মহানগরের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আজ শিক্ষক সমিতির সভা: বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ সাধারণ সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।