দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলার তদন্ত কর্মকর্তা এবং তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ মণ্ডল গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় আদালত তাঁর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আগামী ১ সেপ্টেম্বর।
জেলা ও দায়রা জজ আদালত সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া দুইটা পর্যন্ত সাক্ষ্য দেন মামুনুর রশীদ মণ্ডল। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক।
সকালে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয় মামলার প্রধান আসামি নূর হোসেন এবং র্যাবের চাকরিচ্যুত তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, লে. কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে।
সরকারি কৌঁসুলি এস এম ওয়াজেদ আলী বলেন, ঘটনার পর মামলার তদন্তভার পেয়ে কীভাবে তদন্ত করেছেন, কতজনকে গ্রেপ্তার, আটক ও জিজ্ঞাসাবাদ করেছেন, কতজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তার সবই তিনি (মামুনুর রশীদ মণ্ডল) আদালতের সামনে তুলে ধরছেন। তাই তাঁর সাক্ষ্য অনেক দীর্ঘ। এর আগে ২২ আগস্ট তাঁর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গতকালও তাঁর সাক্ষ্য রেকর্ড করা হয়। ১ সেপ্টেম্বর তাঁর পরবর্তী সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের তিন দিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় চার সহযোগীসহ প্যানেল মেয়র নজরুল ইসলাম হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে একটিসহ ফতুল্লা মডেল থানায় দুটি মামলা করা হয়।
গত বছরের ৮ এপ্রিল নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
দুটি মামলাতেই অভিন্ন সাক্ষী হলো ১২৭ জন করে। এখন পর্যন্ত সাত খুনের দুটি মামলায় অভিন্ন ১২৭ সাক্ষীর মধ্যে ১০৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ১০৮ নম্বর সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল সাক্ষ্য দিচ্ছেন।