দ্বিতীয় দিনের মতো অবরোধ করা হলো প্রশাসনিক ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এদিকে চলমান সংকট নিরসনে কাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনকারীদের আলোচনায় বসার কথা রয়েছে।

‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’—ব্যানারে গতকাল সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। কর্মকর্তা-কর্মচারীদের বেতন তোলার সুবিধার্থে দুপুরে দুই ঘণ্টা ভবনের সংশ্লিষ্ট কিছু কার্যালয় থেকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

সকাল সাড়ে আটটায় শিক্ষার্থীরা ভবনের মূল ফটক অবরোধ করলে কর্মকর্তা-কর্মচারীরা এর বাইরে অপেক্ষা করতে থাকেন। সাড়ে নয়টার দিকে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ জানান। কিন্তু তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে অবরোধ তোলা সম্ভব নয় বলে জবাব দেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে উপাচার্য ফারজানা ইসলাম ভবনে আসেন। ভেতরে ঢুকতে না পেরে তিনিও ভবনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন। সাড়ে ১১টার দিকে উপাচার্য চলে যান।

আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক নজির আমিন বলেন, ‘আমরা আলোচনা করতে রাজি। তবে এর আগ পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ অব্যাহত থাকবে।’ এদিকে গতকাল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বলেন, ‘আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। আশা করছি দ্রুত একটা সমাধানের দিকে পৌঁছাতে পারব।’

গত ২৬ মে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান ও মেহেদি হাসান নামের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনা নিয়ে আন্দোলনরত ৫৪ শিক্ষার্থীর বিরুদ্ধে ২৭ মে  মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।