দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিলেন গোলাম আযমের ছেলে
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের মতো জবানবন্দি দিয়েছেন তাঁর ছেলে আবদুল্লাহহিল আমান আজমী।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বেলা দুইটার দিকে এ মামলার কার্যক্রম শুরু হয়। শুরুতে ট্রাইব্যুনাল বলেন, গতকাল (সোমবার) জবানবন্দি শেষে নথিতে স্বাক্ষর করার সময় আসামিপক্ষের সাক্ষী একটি নোট লিখেছেন। তাতে বলা হয়েছে, সাক্ষীর বক্তব্যে কয়েকটি ব্যাকরণগত ও ভাষাগত ভুল রয়েছে, যা সংশোধন করা দরকার। অথচ এসব ভুল এড়াতে আসামিপক্ষের আইনজীবীদের সামনে মনিটর দেওয়া আছে। কিন্তু আইনজীবীরা তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি।ট্রাইব্যুনাল বলেন, এবার সংশোধনের সুযোগ দেওয়া হলেও পরবর্তী সময়ে এমন সুযোগ দেওয়া হবে না। সে ক্ষেত্রে আসামিপক্ষের আইনজীবীরা দায়ী থাকবেন।এরপর প্রায় দেড় ঘণ্টা আজমী তাঁর প্রথম দিনের জবানবন্দির বিভিন্ন ব্যাকরণ ও ভাষাগত ত্রুটি সংশোধন করে জবানবন্দি দেন। পরে তিনি সেনাবাহিনীতে চাকরিকালীন সামরিক আইনের অভিজ্ঞতা তুলে ধরেন। জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ১৮ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।যুক্তি উপস্থাপন চলছে: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সপ্তম দিনের মতো যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। সাঈদী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষ আজ বুধবার আবারও যুক্তি উপস্থাপন করবে।