দ্বিতীয় ধাপে ৬৩৯টিতে ভোট গ্রহণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার ৬৩৯টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। ভোটাররা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ভোট দিতে পারবেন।
তবে ভোটারদের মধ্যে উৎসাহ ও উৎসবের এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছে। কারণ, ২২ জানুয়ারি অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনের দিন সহিংসতায় ১১ জন মারা যান। সব মিলিয়ে এখন পর্যন্ত ইউপি নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আড়াই হাজারের বেশি লোক।
দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ৭৯টি ইউপিতে বিএনপির কোনো প্রার্থী নেই। এর মধ্যে ৩১টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আছেন। এ ছাড়া বেশ কিছু জায়গায় বিএনপিসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা সুষ্ঠু হবে না অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
প্রথমবারে মতো দলীয় পরিচয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে যেসব জায়গায় ক্ষমতাসীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিল, সেখানে সহিংসতা বেশি হয়েছে। যে কারণে নির্বাচন কমিশন দ্বিতীয় ধাপেও সহিংসতার আশঙ্কা করছে। এ জন্য কমিশন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বললেও গতকাল বুধবার পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কমিশন সচিবালয় থেকে জানা গেছে, তারা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেবে। কোথাও কোনো অনিয়ম ঘটলে কমিশন যাতে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করতে পারে, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, দ্বিতীয় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ২ হাজার ৬৬২ জন, মেম্বার পদে ২১ হাজার ২৫৯ এবং নারীদের জন্য সংরক্ষিত সদস্য পদে ৬ হাজার ৪৯৮ জন প্রার্থী হয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগ ৬৩৯, বিএনপি ৫৬০, জাতীয় পার্টি ১৪৯, জাসদ ২৪, ওয়ার্কার্স পার্টি ৬, বিকল্পধারা বাংলাদেশ ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯৪, জাতীয় পার্টি-জেপি ৩, এনপিপি ২, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ২, কমিউনিস্ট পার্টি ৫, জমিয়তে উলামায়ে ইসলাম ১, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ১, খেলাফত মজলিশ ১, বাসদ ১, সাম্যবাদী দল ১ এবং জাকের পার্টি ৩টি ইউপিতে প্রার্থী মনোনয়ন দিয়েছে।
সর্বশেষ মাঠ চিত্র: গতকাল শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও ওই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলায় তিনটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামানসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন। এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার বলেন, এ ব্যাপারে কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামাল হোসেন ও বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমানের (স্বতন্ত্র) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার রাতে বনগ্রাম পশ্চিম পাড়ায় হামলার এ ঘটনা ঘটে।
হাবিবুর রহমানের অভিযোগ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোবারক হোসেন ও কানন মিয়া নামে তাঁর দুই কর্মী আহত হন। তবে কামাল হোসেন অভিযোগ অসত্য বলে দাবি করেন। এ বিষয়ে কটিয়াদী থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, অভিযোগ বিষয়ে তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হবে।