দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ শুরু
ন্যাশনাল সার্ভিস প্রকল্পের আওতায় বরগুনায় আরও চার হাজার বেকার যুবক ও যুব মহিলার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে গত সোমবার থেকে শুরু হয়েছে। বরগুনা সদর উপজেলার ইউটিডিসি মিলনায়তনে তিন মাসব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলার চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবদুল খালেক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুসরাত জাহান, বরগুনা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সত্তার, প্রশিক্ষণার্থী জাকির হোসেন, তাসলিমা ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার।জেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ন্যাশনাল সার্ভিস প্রকল্পের প্রথম ধাপের প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় চার হাজার কর্মীকে গত ১৯ সেপ্টেম্বর থেকে জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাক আহম্মেদ জানান, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন করে বেকার সদস্যের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে বরগুনা, গোপালগঞ্জ ও কুড়িগ্রাম—এই তিন জেলায় ন্যাশনাল সার্ভিস প্রকল্প হাতে নেওয়া হয়।