দ্বিতীয় নারী ছত্রী সেনা হলেন মেজর নুসরত
বাংলাদেশ সেনাবাহিনীতে দ্বিতীয় নারী ছত্রীসেনা (প্যারাট্রুপার) হওয়ার গৌরব অর্জন করলেন মেজর নুসরত নুর আল চৌধুরী। গতকাল সোমবার সিলেটের জালালাবাদ সেনানিবাসের পানিছড়া প্রশিক্ষণ মাঠে তিনি সফলভাবে অবতরণ করেন।এর আগে গত ১২ ফেব্রুয়ারি ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস সফলভাবে এই প্রশিক্ষণ শেষ করেন। তিনিই হলেন দেশের প্রথম নারী ছত্রীসেনা।আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, শারীরিক উৎকর্ষতা যাচাই এবং ভূমি প্রশিক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ৪ এপ্রিল নুসরত আকাশ থেকে নেমে আসেন। ওই দিন এএন-৩২ বিমান থেকে তিনি দুটি জাম্প করেন। এরপর গতকাল সোমবার সেসসা গ্র্যান্ড ক্যারাভান বিমান থেকে করেন তিনটি জাম্প। পাঁচটি জাম্পেই তিনি চীনে তৈরি টাইপ-৯ প্যারাস্যুট ব্যবহার করে আড়াই হাজার ফুট ওপর থেকে নেমে আসেন। নুসরতের স্বামী মেজর মঞ্জুরুল হকও ছত্রীসেনা। নুসরতের বাবা এন আই চৌধুরী (ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক সচিব।