দ্বিতীয় নিম্ন দরদাতাকে কাজ দেওয়ার চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ত মেনে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক স্তরের পাঠ্যবই না ছাপালে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাদের কাজ দেওয়ার বিষয়ে ভাবছে সরকার। দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের মধ্যে দেশীয় মুদ্রণকারীদের পাশাপাশি ভারতীয় প্রতিষ্ঠানও রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। এনসিটিবি বই ছাপার কাজটি করলেও প্রাথমিকের বই ছাপার টাকা দেওয়া হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প থেকে। এই প্রকল্পের মোট টাকার সাড়ে ১৩ শতাংশ দেয় বিশ্বব্যাংকসহ ১০টি দাতা সংস্থা।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গতকাল এ বিষয়ে বলেন, নতুন করে দরপত্র দেওয়া সম্ভব নয়। প্রথম দরপত্রের নিয়মের মধ্যে থেকেই বই ছাপার কাজটি করতে হবে। যদি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) না পারে, তাহলে সেটা জানাতে হবে। এরপর পরবর্তী করণীয় ঠিক করা হবে। কারণ, শিশুদের হাতে সময়মতো বই দিতে হবে। তিনি আশা করছেন, সর্বনিম্ন দরদাতা শেষ পর্যন্ত বই ছাপতে রাজি হবেন।
এনসিটিবির সচিব ইমরুল হাসান প্রথম আলোকে জানান, গতকাল বার্তাবাহকের মাধ্যমে সর্বনিম্ন দরদাতাদের কাজ পাওয়ার কথা জানিয়ে চিঠি (নোটিশ অব অ্যাওয়ার্ড) দেওয়া হলেও কোনো প্রতিষ্ঠান তা গ্রহণ করেনি। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেটি পাঠানো হয়।
দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাদের কাজ দেওয়া হলে সে ক্ষেত্রে কী করবেন, জানতে চাইলে মুদ্রণকারীদের একজন নেতা তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা আইনের আশ্রয় নেব। এ ছাড়া দেখব, দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাদেরও অনুরূপ শর্ত দেওয়া হয় কি না।
গত বুধবার মুদ্রণকারীদের কাজ পাওয়ার চিঠি দেওয়ার কথা ছিল। কিন্তু মুদ্রণকারীরা এনসিটিবিতে এসেও তা নেননি। মূলত বিশ্বব্যাংকের দেওয়া শর্ত মেনে ছাপার কাজ করতে তাঁরা অস্বীকৃতি জানিয়েছেন। বিশ্বব্যাংকের অন্যতম শর্ত হলো ছাপা বই উপজেলায় পৌঁছানোর পর স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে এর মান যাচাই করা হবে। তারপর বিল পরিশোধ করতে হবে। বিশ্বব্যাংক পারফরম্যান্স গ্যারান্টি (পিজি) ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করারও শর্ত দেয়।
এদিকে এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পাল গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন। কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। এ রকম পরিস্থিতিতে প্রাথমিক স্তরের প্রায় ১১ কোটি পাঠ্যবই যথাসময়ে ছাপা শুরু করা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।
এবার দরপত্র-প্রক্রিয়া থেকেই প্রাথমিক স্তরের পাঠ্যবই নিয়ে সমস্যা শুরু হয়। ২০১১ সাল থেকে প্রাথমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের একটি বড় অংশ ভারত থেকে ছাপিয়ে আনা হয়। কিন্তু এবার দেশীয় মুদ্রণকারীরা জোটবদ্ধ হয়ে প্রাক্কলিত দরের প্রায় ৩২ শতাংশ কমে কাজ পান। এনসিটিবি প্রাথমিক স্তরের পাঠ্যবই ছাপার জন্য ৩৩০ কোটি টাকা প্রাক্কলন ব্যয় নির্ধারণ করলেও ২২টি মুদ্রণ প্রতিষ্ঠান জোট বেঁধে ২২১ কোটি টাকায় দরপত্র জমা দিয়ে সর্বনিম্ন দরদাতা হয়।
এই অবস্থায় বিশ্বব্যাংক মনে করছে, কম দামে ছাপার কাজ দেওয়া হলে ভালো মানের বই না-ও পাওয়া যেতে পারে। এ জন্য বইয়ের গুণগত মান নিয়ে শক্ত অবস্থান নেয় তারা। তাই প্রথমে দরপত্র বাতিলের কথা বলা হলেও পরে বিশ্বব্যাংক মুদ্রণকারীদের কয়েকটি শর্ত দিয়ে দেয়। কিন্তু সর্বনিম্ন দরদাতা হওয়া মুদ্রণকারীরা এই শর্তে নাখোশ হন। তাঁরা হুমকি দিয়ে আসছেন, এ শর্তে তাঁরা কাজ করবেন না। প্রয়োজনে মামলা করবেন।
এনসিটিবির একজন কর্মকর্তা বলেন, ২ সেপ্টেম্বর পর্যন্ত কাজ পাওয়ার চিঠি গ্রহণের সময় আছে। এরপরও মুদ্রণকারীরা তা না নিলে বাধ্য হয়ে তাঁরা বিকল্প নিয়ে ভাববেন।