দ্বিতীয় পদার্থবিজ্ঞান উৎসব উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে গতকাল শুক্রবার দ্বিতীয় পদার্থবিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন।ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সহযোগিতায় দিনাজপুর সায়েন্স একাডেমি এ উৎসবের আয়োজন করে। উৎসবের প্রথম পর্বে একক ও দলীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—তিনটি ভাগে এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পর্বে এক হাজার ৯১ জন প্রতিযোগী অংশ নেয়। এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় দলীয় প্রতিযোগিতা। তিন সদস্যবিশিষ্ট দলের সদস্যরা তাদের জন্য নির্ধারিত পদার্থবিজ্ঞানের পাঁচটি সমস্যার সমাধানের চেষ্টা করে। এ পর্বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মোট ২৩৪ জন প্রতিযোগী অংশ নেয়।৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৩২৫ জন শিক্ষার্থী উৎসবে অংশ নেয়। দিনাজপুর সায়েন্স একাডেমির সহসভাপতি অধ্যক্ষ জিয়াউল হকের উপস্থাপনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষণীয় কুইজ ও প্রশ্নোত্তর পর্বে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব। এ পর্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায়, সায়েন্স একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার, রংপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আবদুস সালাম, সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান মো. শাহাদাৎ হোসেন, দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিশ্বজিৎ দাস ও সায়েন্স একাডেমির সাধারণ সম্পাদক একরামুল হক শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।উৎসবের শেষ পর্বে প্রধান অতিথি দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম ও বিশেষ অতিথি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।