দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণসহ ১৩ দফা দাবিতে গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরিদপুর আগমন উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়। রাজবাড়ী জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক শংকর চন্দ্র সিনহা, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান, রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশনের (আরডিএ) সভাপতি মেজবাহ উল করিম, ছাত্র ইউনিয়নের সভাপতি আবদুল হালিম প্রমুখ। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন ফারুক উদ্দিন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, রেল, গ্যাস-সংযোসহ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, বালিয়াকান্দির পদমদীতে ওয়াকফ করা ১০৩ একর জমিতে মীর মশাররফ হোসেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, একটি হাইটেক পার্ক স্থাপন, গোয়ালন্দের জামতলা থেকে পাংশা পর্যন্ত বেড়িবাঁধকে পর্যটন রাস্তায় রূপান্তর করা, রেলের কারখানা ও আধুনিক রেলস্টেশন নির্মাণসহ ইতিমধ্যে ঘোষিত রেলওয়ের বিভাগীয় কার্যালয় বাস্তবায়নের কাজ শুরু করা।
বক্তারা বলেন, আশপাশের অন্য জেলা থেকে উন্নয়নে রাজবাড়ী অনেক পিছিয়ে। ব্রিটিশ আমলে এখানে রেলওয়ে স্থাপন এবং ঢাকার এত কাছে হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। রাজবাড়ীর উন্নয়নের দ্বিতীয় পদ্মা সেতুসহ ১৩ দফা বাস্তবায়িত হলে জেলার প্রভূত উন্নয়নসহ আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক জিনাত আরার কাছে ১৩ দফা দাবি-সংবলিত একটি স্বারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।