দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে চীনের নীতিগত সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রস্তাবে পদ্মা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণে সহায়তা করতে চীন নীতিগতভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছে বিএনপি।গতকাল শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এ ছাড়া বঙ্গোপসাগরে গভীর সমুদ্রবন্দর স্থাপন, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি করতে চট্টগ্রাম-কুনমিং সড়ক ও রেল-যোগাযোগ স্থাপনে অংশীদারি এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহায়তা অব্যাহত রাখাসহ আরও কিছু দ্বিপক্ষীয় বিষয়ে চীন সহযোগিতা দিতে রাজি হয়েছে। পাঁচ দিনের চীন সফর শেষে খালেদা জিয়া গতকাল দুপুরে দেশে ফিরেছেন। এই সফরের বিষয়ে জানাতে বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।খন্দকার মোশাররফ বলেন, চীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দিয়েছে। তাঁর সঙ্গে চীনা ভাইস প্রেসিডেন্ট, পরররাষ্ট্রমন্ত্রী, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও উপপ্রধানের ফলপ্রসূ বৈঠক হয়েছে।সরকারের বিরুদ্ধে নালিশ করতে খালেদা জিয়া চীনে গেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতার এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মোশাররফ বলেন, ‘এটা সরকারের অপপ্রচার। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে খালেদা জিয়া এ সফর করেন। কারও বিরুদ্ধে বিচার দেওয়ার মনোভাব খালেদা জিয়ার নেই। এ নীতিতে বিএনপি বিশ্বাস করে না।’সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।