দ্বিতীয় পানি সরবরাহ প্রকল্প অবশেষে অনুমোদন পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার দ্বিতীয় পানি সরবরাহ প্রকল্পটি অবশেষে মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। এটি কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প নামে পরিচিত। প্রকল্প অনুমোদনের বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকায় উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠান জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশের প্রধান প্রতিনিধি টেকাও টোডা মাস খানেক আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হস্তক্ষেপ চেয়ে একটি চিঠি দেন। চিঠিতে টোডা ঝুলে থাকা প্রকল্পের দ্রুত অনুমোদন দিতে অনুরোধ করেন। প্রকল্পটি অনুমোদনের তাগিদ দিয়ে চিঠিতে বলা হয়, যাতে পদ্মা বহুমুখী সেতু ও খুলনা পানি সরবরাহ প্রকল্পসহ ভবিষ্যতের প্রকল্পগুলোতে জাইকার সহযোগিতার হতাশাজনক পরিণতি এড়ানো যায়। প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মো. সফিউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পের তৃতীয় গুচ্ছের কাজ পুরোদমে শুরু হয়েছে। পানি পরিশোধন স্থাপনা এবং বিতরণ নল ও ট্রান্সমিশন নল নির্মাণের বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত সপ্তাহে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের প্রকল্প অনুমোদন করে দিয়েছে। ফলে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে আর কোনো বাধা নেই।’ ওয়াসা সূত্র জানায়, কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প তিনটি গুচ্ছে বিভক্ত। প্রতিদিন গড়ে ১৩ কোটি ৬০ লাখ লিটার পানি পরিশোধনের জন্য স্থাপনা নির্মাণ গুচ্ছ-১ নামে পরিচিত। রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম মহানগর পর্যন্ত ৩৮ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্য ট্রান্সমিশন নল ও ৪৩ কিলোমিটার দৈর্ঘ্যের পানি বিতরণ নল নির্মাণ গুচ্ছ-২ নামে পরিচিত। প্রকল্পের এই দুটি গুচ্ছকাজ ঝুলে থাকার ব্যাপারে জাইকার প্রধান এই উদ্বেগ প্রকাশ করেন। তবে প্রকল্পের গুচ্ছ-৩-এর বাস্তবায়নকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। নগরের নাসিরাবাদ ও বাটালি পাহাড়ে জলাধার নির্মাণ ও খুলশির বুস্টার পাম্পস্টেশন পুনর্বাসনকাজ গুচ্ছ-৩ নামে পরিচিত।প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে থাকায় জাইকা প্রধান টেকাও টোডা উদ্বেগ প্রকাশ করে চিঠিতে উল্লেখ করেছিলেন, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব প্রকল্পটি বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত করছে। কারণ বর্ষা মৌসুম এগিয়ে আসছে, আর সে সময় যন্ত্রাংশ স্থাপনার কাজ এগিয়ে নেওয়া খুবই কঠিন। প্রকল্প বাস্তবায়নে বিলম্ব চট্টগ্রামবাসীর জন্য দুর্ভাগ্যজনক হবে, যারা দীর্ঘদিন ধরে তীব্র পানি-সংকটে ভুগছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম ওয়াসার সেবা দেওয়ার পরিধি বর্তমানের ৪০ থেকে বেড়ে ৭০ শতাংশে উন্নীত হবে। চট্টগ্রাম নগর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম ওয়াসার দ্বিতীয় পানি সরবরাহ প্রকল্পটি অবস্থিত। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫১০ কোটি ১৯ লাখ টাকা। ওয়াসা নগরবাসীর চাহিদার মাত্র ৪০ শতাংশ পানি সরবরাহ করছে। ফলে ঘাটতি রয়েছে ৬০ শতাংশ। কর্ণফুলী দ্বিতীয় প্রকল্প বাস্তবায়ন হলে আরও ৩০ শতাংশ পানি সরবরাহ বেড়ে যাবে। উল্লেখ্য, ১৯৮৭ সালে শহরতলির মোহরা এলাকায় প্রথম পানি পরিশোধন স্থাপনা নির্মাণ করা হয়। এই স্থাপনা থেকে প্রতিদিন গড়ে নয় কোটি লিটার পানি সরবরাহ করছে ওয়াসা।