দ্বিতীয় বর্ষে ভর্তি ফি কমানোর দাবিতে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বর্ষে ভর্তি ফি কমানোর দাবিতে গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ হাজার ৪০০ শিক্ষার্থী তিন দিন ধরে ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করছেন।

গতকাল বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেন। এর আগে গত সোম ও মঙ্গলবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ক্লাস বর্জন করেন তাঁরা। মঙ্গলবার তাঁরা ফি কমানোর দাবিতে ক্যাম্পাসে মানববন্ধনও করেন।

কয়েকজন শিক্ষার্থী বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ভর্তি ফি ৮ হাজার ১০০ টাকা ধার্য করা হয়। দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় থেকে এই ফি প্রায় দ্বিগুণ। অথচ গত বছরও বিভিন্ন বিভাগে ভর্তি ফি ছিল ২ হাজার ৮০০ থেকে সাড়ে ৩ হাজার টাকার মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহম্মদ নূর-উদ্দিন আহম্মেদ বলেন, ‘গত বছর ভর্তির শর্ত অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি নেওয়া হচ্ছে। দুই সেমিস্টারের ফি আমরা একসঙ্গে নিতে চেয়েছিলাম। পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। এখন ভর্তি ফি একসঙ্গে না নিয়েদুই কিস্তিতে পরিশোধের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের ওই ঘোষণার পর শিক্ষার্থীরা ক্লাস শুরু করেছেন। গতকাল দুপুর থেকে তাঁরা আন্দোলনে নেই।

তবে এই দাবি নাকচ করে নাম প্রকাশ না করার শর্তে দুজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, তাঁরা আন্দোলন প্রত্যাহার করেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের কাছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কত টাকা প্রয়োজন হয় তার একটি প্রতিবেদন চেয়ে সেটি পর্যালোচনা করে দেখতে একদিন সময় চেয়েছে। এ জন্য আজ বৃহস্পতিবার তাঁরা কোনো কর্মসূচি না দিলেও টাকা কমানোর চূড়ান্ত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না।