দ্বিতীয় বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের তরুণেরা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবীতে নিজেদের অবস্থান ঘোষণা করবে। দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ মানুষকে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। গতকাল শুক্রবার দ্বিতীয় বায়োকেমিস্ট্রি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী অলিম্পিয়াড। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অলিম্পিয়াডের মশাল জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন জীববিজ্ঞান অনুষদের ডিন সহিদ আকতার হুসাইন।অলিম্পিয়াডে মাধ্যমিক (এসএসসি/ও লেভেল) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি/এ লেভেল)—এই দুটি বিভাগে অংশ নেয় শিক্ষার্থীরা। তারা এক ঘণ্টার লিখিত পরীক্ষা দেয়। মাধ্যমিক স্তরের স্কুল পর্যায়ে সেরা স্কুল নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল। রানারআপ হয় সানিডেল। কলেজ পর্যায়ে মাস্টারমাইন্ড চ্যাম্পিয়ন এবং অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল রানারআপ হয়।ব্যক্তিগত পর্যায়ে মাধ্যমিক স্তরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ফাহিম তাজওয়ার প্রথম এবং একই প্রতিষ্ঠানের মাহমুদ ইকবাল দ্বিতীয় স্থান দখল করে। সাউথ ব্রিজ স্কুলের ছাত্র শফিক চৌধুরী ও সানিডেলের সাকিবুর রহমান যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে।উচ্চমাধ্যমিক স্তরে হারডিও ইন্টারন্যাশনাল স্কুলের শায়েট হোসাইন এহসান প্রথম, মাস্টারমাইন্ডের হোসেন মুহাম্মদ জিহাদ দ্বিতীয় এবং ধানমন্ডি টিউটরিয়ালের ছাত্রী সাদিয়া হক তৃতীয় স্থান লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, বর্তমান শতাব্দী হচ্ছে জীববিজ্ঞানের শতাব্দী। মানুষের জীবনের নিগূঢ় রহস্য বুঝতে হলে বিজ্ঞানের প্রতি মনোনিবেশ করতে হবে। বর্তমানে বিজ্ঞানীরা প্রাকৃতিক সম্পদ খুঁজছেন। অথচ মানুষই হচ্ছে সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইসিডিডিআরবির বিজ্ঞানী ফেরদৌসী কাদরী, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞান বিষয়ে বিশেষ বক্তব্য দেন অধ্যাপক মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং অলিম্পিয়াডের আহ্বায়ক মামুন রশিদ চৌধুরী।