দ্বিতীয় বিয়ে করায় বেতন কমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারীর বেতন কমিয়ে দেওয়া হয়েছে। তিনি দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের গাড়িচালক মো. গুলজার হোসেন ভূঁইয়া।এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি গতকাল সোমবার দুদকের এক আদেশে জানানো হয়। আদেশে বলা হয়, প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় গুলজার হোসেন ভূঁইয়ার বেতন তিন ধাপ কমিয়ে দেওয়া হয়েছে। শাস্তি অনুযায়ী চতুর্থ শ্রেণীর কর্মচারী গুলজার এখন থেকে জাতীয় বেতনকাঠামোর সর্বনিম্ন ধাপে (৪১০০ টাকা স্কেলে) বেতন পাবেন।দুদক সূত্র জানায়, প্রথম স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গুলজারের বিরুদ্ধে দুদকে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। এতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ অনুযায়ী গুলজারের অসদাচরণের কারণে প্রতিষ্ঠানের সুনামহানি হওয়ায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়।এ ছাড়া চাঁদাবাজির দায়ে পুলিশের কনস্টেবল মো. শহীদুর রহমান ভূঁইয়াকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। গতকাল এ-সংক্রান্ত আদেশে বলা হয়, দুদকে কর্মরত অবস্থায় শহীদুর রহমান ভূঁইয়া জয়দেবপুর থানার একটি মামলায় নারায়ণগঞ্জের জিএম ফারুক ও তাঁর ব্যবসায়িক অংশীদার নূরুজ্জামানকে ভয়ভীতি দেখিয়ে দুই দফায় নয় হাজার টাকা আদায় করেন। ভুক্তভোগীরা অভিযোগ করায় দুদকের পক্ষ থেকে তদন্ত করা হয়। তদন্তে চাঁদা নেওয়ার বিষয়টি প্রমাণ হওয়ায় তাঁকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘এসব বিষয়ে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সোমবার আদেশপত্র জারি করা হয়।’