দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ছোট কাচনা গ্রামে গতকাল রোববার আগুনে পুড়ে ছেনোরা বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোসাইরহাট উপজেলার মলন চর গ্রামের ছমেদ পেদার মেয়ে ছেনোরা আক্তারের সঙ্গে একই উপজেলার ছোট কাচনা গ্রামের মান্নান সরদারের ছেলে আনোয়ার সরদারের বিয়ে হয় ১২ বছর আগে। তাঁদের ১০ ও ৩ বছর বয়সী দুটি মেয়ে আছে। আনোয়ার সরদার ঢাকায় তৈজসপত্রের ব্যবসা করেন। দুই মাস আগে ছেনোরা জানতে পারেন তাঁর স্বামী ঢাকায় আরেকটি বিয়ে করেছেন। এরপর থেকে দ্বিতীয় বিয়ে মেনে নেওয়ার জন্য মোবাইল ফোনে ছেনোরাকে চাপ দিতে থাকেন আনোয়ার। দ্বিতীয় বিয়ের পর গত শনিবার রাতে প্রথমবারের মতো বাড়িতে যান আনোয়ার। বিয়ে মেনে নেওয়ার জন্য রাতেই আনোয়ার সরদার, তাঁর বাবা মান্নান সরদার ও মা লাল বরু বিবি ছেনোরাকে চাপ দিতে শুরু করেন। ছেনোরা রাজি না হওয়ায় তাঁদের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয় এবং আনোয়ার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে রাত তিনটার দিকে ছেনোরাকে বাড়ির পাশের বাগানে নিয়ে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন আনোয়ার। ছেনোরার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও আনোয়ারের পরিবারের লোকজনের ভয়ে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে প্রতিবেশীরা সাহস পায়নি। ওই অবস্থায় তাঁকে ফেলে রাখা হয় রাতভর। খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে ছেনোরার মা মেয়েকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর শরীরের প্রায় ৭০ ভাগ আগুনে পুড়ে যায়। অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। ঢাকা নেওয়ার পথে বেলা দুইটায় ছেনোরা মারা যান।এ ঘটনায় নিহতের মা লাবনী বেগম গতকাল গোসাইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এতে ছেনোরার স্বামী আনোয়ার সরদার, শ্বশুর মান্নান সরদার ও শাশুড়ি লাল বরু বিবিকে আসামি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ছেনোরার মা লাবনী বেগম প্রথম আলোকে বলেন, ‘আনোয়ার আমার মেয়েকে মারধর করার পর গায়ে আগুন ধরিয়ে হত্যা করেছে। তার পরিবারের সদস্যরাও আমার মেয়েটিকে মেরেছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মোল্যা জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিন আসামিসহ তাঁদের পরিবারের অন্য সদস্যরাও ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে।