দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় গৌরনদী উপজেলার গরঙ্গল গ্রামের লিটন সরদার (৩৪) গত শনিবার তাঁর স্ত্রী ঝরনা বেগমকে (২৮) নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত রোববার দুপুরে গৌরনদী থানায় মামলা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালে গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গেরাকুল গ্রামের আবদুল হাওলাদারের মেয়ে ঝরনা বেগমকে উপজেলার গরঙ্গল গ্রামের সেকান্দার আলী সরদারের ছেলে লিটন সরদার বিয়ে করেন। তাঁদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। লিটন কিছুদিন যাবৎ ব্যবসা খারাপ যাচ্ছে—অজুহাতে তাঁর স্ত্রীকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনার জন্য চাপ দেন। টাকা এনে না দেওয়ায় তিন মাস ধরে প্রায়ই তাঁকে শারীরিক নির্যাতন করেন। অবশেষে গত বুধবার লিটন এক লাখ টাকা যৌতুক পাওয়ার আশায় গরঙ্গল গ্রামের আয়নাল ব্যাপারীর মেয়ে সুমা আক্তারকে বিয়ে করার কথা পাকাপোক্ত করেন। গত শুক্রবার সকালে ঝরনা বেগম ওই বাড়িতে গিয়ে এ বিয়ে বাতিলের অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে লিটন ও তাঁর পরিবারের লোকজন শনিবার দুপুরে ঝরনাকে বেদম মারধর করেন ও ঘরে আটকে রাখেন। ওই দিন সন্ধ্যায় আবার তাঁকে পিটিয়ে জখম করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। প্রত্যক্ষদর্শী গরঙ্গল গ্রামের মো. হাসেম আলী (৪৫), ফজিলাতুন নেছা (৫০) ও রাবেয়া বেগম (৪০) জানান, শনিবার রাতে ঝরনাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে লিটন বলেন, ‘স্বভাব খারাপ হেইয়ার লাইগ্যা বউরে একটু শাসন করছি। তবে দ্বিতীয় বিয়ের কথা ঠিক না।’গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ঝরনা বেগম বাদী হয়ে গতকাল রোববার স্বামী লিটন সরদার, শ্বশুর সেকান্দার আলী সরদার ও শাশুড়ি আলেয়া বেগমকে আসামি করে থানায় মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।