দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় শেরপুরের নালিতাবাড়ীতে এক ব্যক্তি তাঁর স্ত্রীর ওপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার ওই গৃহবধূর পরিবার বলেছে, উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কৃষিশ্রমিক কবির হোসেনের (৩০) সঙ্গে ওই গৃহবধূর (২২) প্রায় ছয় বছর আগে বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি মেয়ে আছে। গত মঙ্গলবার মধ্যরাতে কবির দ্বিতীয় বিয়ে করার জন্য স্ত্রীর কাছে অনুমতি চান। বিয়েতে মত না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শেষরাতে কবির ঘুমন্ত অবস্থায় স্ত্রীর হাত-পা বেঁধে কাঁচি গরম করে তাঁর গোপনাঙ্গের চারপাশে ছেঁকা দেন। নির্যাতনের শিকার ওই গৃহবধূকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বলেন, ছেঁকা দেওয়ার কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার তাঁকে অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম হায়দার বলেন, ওই গৃহবধূর বাবা মামলা করার পর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।