দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ
দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় বিডিআরের এক সদস্য তাঁর স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরা শহরের তালতলা এলাকায় গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিডিআরের ওই সদস্য ও তাঁর মাকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই বিডিআর সদস্যের নাম আসাদুল ইসলাম। তিনি খাগড়াছড়ি বিডিআর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। নিহত হওয়া তাঁর স্ত্রীর নাম নার্গিস খাতুন (২৬)। এ ঘটনায় স্বামী আসাদুল ইসলাম ও শাশুড়ি রাজিয়া আশরাফকে আসামি করে নিহত নার্গিস খাতুনের খালাত ভাই শেখ আল ইমরান সদর থানায় মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা শহরের তালতলা এলাকার আসাদুল ইসলামের সঙ্গে নার্গিস খাতুনের আট-নয় বছর আগে বিয়ে হয়। কয়েক দিন ধরে আসাদুল ইসলাম দ্বিতীয় বিয়ে করার জন্য নার্গিসের কাছে অনুমতি চেয়ে আসছিলেন। অনুমতি না দেওয়ায় নার্গিসকে তাঁর স্বামী আসাদুল প্রথম দফায় মারধর করেন। পরে রাতে দ্বিতীয় দফায় মারধর করার একপর্যায়ে নার্গিস মারা যান। সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার হাসান জানান, এ ঘটনায় নার্গিসের স্বামী আসাদুল ইসলাম ও শাশুড়ি রাজিয়া আশরাফকে গ্রেপ্তার করা হয়েছে।